দেশে-বিদেশে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিলেন পুতিন
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে-বিদেশে রুশ নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলভ সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর রাজধানী মস্কোয় মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় পুতিন এ নির্দেশ দেন।
বৈঠকে পুতিন বলেন, “দেশের ভেতরে ও বাইরে রুশ প্রতিষ্ঠান এবং কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি স্পেশাল সার্ভিসকে বাড়তি ব্যবস্থা নেয়ার কথা বলছি।” এছাড়া, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে নানা চ্যানেলে অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে স্পেশাল সার্ভিসের কর্মকাণ্ড জোরদার করার কথাও বলেছেন তিনি।
তুরস্কে ঘাতকের হাতে রাষ্ট্রদূত নিহত হওয়ার পর পুতিন এরইমধ্যে সারাবিশ্বে রুশ দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া, হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য রুশ তদন্তকারী দল তুরস্কে পৌঁছেছে।
মঙ্গলবারের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন জার্মানির ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলায় অন্তত ১২ জন নিহত ও ৪৮ জন আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০