রুশ রাষ্ট্রদূতের ঘাতককে কেন জীবিত ধরা হয়নি: তদন্ত শুরু
-
রুশ রাষ্ট্রদূতকে হত্যা করার পর ঘাতক ব্যক্তির বেপরোয়া চিৎকার
তুর্কি পুলিশ দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের ঘাতককে কেন জীবিত গ্রেফতার করেনি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে জনসমক্ষে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে গুলি করে হত্যা করা হয়। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করেন। এর কিছুক্ষণ পরই ঘাতক পুলিশ কর্মকর্তা মেভলুত মার্ট আলতিনতাসকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে তুর্কি পুলিশের বিশেষ দল।
এরপর তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট এক টেলিফোন সংলাপে এ ব্যাপারে একমত হন যে, দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে।
তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা বুধবার জানিয়েছে, তুর্কি পুলিশের বিশেষ দল আর্ট গ্যালারিতে গিয়ে আলতিনতাসকে আটকের পরিবর্তে কেন হত্যা করল সে রহস্য উদঘাটনের জন্য সরকারি কৌঁসুলিরা তদন্ত শুরু করেছেন। অবশ্য তাৎক্ষণিক তদন্তে দেখা গেছে, রুশ রাষ্ট্রদূতের ঘাতকের দুই পায়ে গুলি করার পরও সে পুলিশের দিকে গুলি ছুঁড়তে থাকে এবং বলতে থাকে, তোমরা আমাকে জীবিত ধরতে পারবে না। এরপরই তাকে হত্যা করা হয়। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পুলিশের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।
এদিকে তুরস্কের পুলিশ রুশ রাষ্ট্রদূতকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ সন্দেহভাজনকে আটক করেছে। এদের মধ্যে ঘাতকের মা, বাবা, বোন ও হাউজমেট রয়েছে। এর আগে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, বন্দুকধারী ব্যক্তি একাই রুশ রাষ্ট্রদূতকে হত্যা করেছে বলে মস্কো মনে করে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২