ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করলেন বান কি মুন
-
বান কি মুন
জাতিসংঘ মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক গিউন হাই’র পর সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে বান কি মুন অন্যতম।
দক্ষিণ কোরিয়ার স্থানীয় ভাষার ম্যাগাজিন সিসা (SISA) সম্প্রতি দাবি করেছে, বান কি মুনের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন দেশটির প্রখ্যাত ব্যবসায়ী পার্ক ইয়েওন চা (Park Yeon Cha)। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো হিউনের ঘনিষ্ঠজনদের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এই ব্যবসায়ী জড়িত ছিলেন। ওই আর্থিক কেলেঙ্কারির জের ধরে হিউন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং তারপর প্রেসিডেন্ট হন পার্ক গিউন হাই।
সিসা ম্যাগাজিন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বান কি মুন দক্ষিন কোরিয়ার একজন শিল্পপতির কাছ থেকে ২,৩০,০০০ ডলারের সমপরিমাণ অর্থ ঘুষ নিয়েছিলেন। ২০০৭ সালে জাতিসংঘের মহাসচিব হওয়ার আগে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন বান কি মুন।
জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে তিনি ওই ম্যাগাজিনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।
এদিকে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট হাই’র বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে ইমপিচ করে। তবে এটি কার্যকর হওয়ার জন্য দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের অনুমোদন লাগবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬