পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ইরান সফর করা উচিত: পাকিস্তানি কূটনীতিক
-
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
পাকিস্তানের একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক বলেছেন, দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্বের উচিত- আরো উন্নত ও জোরালো সম্পর্ক প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী দেশ ইরান সফর করা। ভিয়েতনাম ও মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত শহীদ মাশরুর গুল কিয়ানি এ মতামত দিয়েছেন।
সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি-তে তিনি বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার শিগগিরি ইরান সফর করা উচিত। মাশরুর গুল বলেন, “আমি মনে করি চিফ অব আর্মি স্টাফের অবশ্যই আমাদের দুটি প্রতিবেশী দেশ ইরান ও আফগানিস্তান সফর করা উচিত। এ দুটি দেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ভারসাম্য বজায় রাখার জন্য জেনারেল বাজওয়ার দেশ দুটি সফরে যাওয়া দরকার।”
পাকিস্তানের সাবেক এ কূটনীতিক বলেন, পাক সেনাপ্রধান সম্প্রতি সৌদি আরব সফর করেছেন এবং সেটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু তার উচিত অন্য বন্ধু দেশগুলো সফর করা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭