পাকিস্তান ও ৭টি মুসলিম দেশ গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নিন্দা জানিয়েছে
-
গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নিন্দা
পার্সটুডে-সৌদি আরব, তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের বিষয়ে উত্থাপিত বক্তব্য ও পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে জোরপূর্বক বিতাড়নের যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের ওপর সরাসরি হুমকি।
দেশগুলো ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বহিষ্কারের যেকোনো পরিকল্পনা বা প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সতর্ক করেছে, এ ধরনের বক্তব্য যদি সরকারি নীতি বা বাস্তব পদক্ষেপে পরিণত হয়, তাহলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ।
দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে-অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা এবং নতুন বসতি স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলা নিশ্চিত করতে হবে।
পাকিস্তান ও সাতটি মুসলিম দেশের এই যৌথ অবস্থান এমন সময়ে এসেছে, যখন গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনিদের স্থানান্তরসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা আঞ্চলিক পরিস্থিতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
পাকিস্তান এই অবস্থানের মাধ্যমে আবারও ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন এবং যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে।#
পার্সটুডে/এনএম/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।