আমরা ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাই: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i29410-আমরা_ইরানের_সঙ্গে_ঘনিষ্ঠ_সম্পর্ক_চাই_পাকিস্তানের_সাবেক_প্রেসিডেন্ট
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি বলেছেন, তার দল ইরান এবং অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৬ ০৯:৪৯ Asia/Dhaka
  • ছেলে ও পিপিপি নেতাদের সঙ্গে আসিফ আলী জারদারি
    ছেলে ও পিপিপি নেতাদের সঙ্গে আসিফ আলী জারদারি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি বলেছেন, তার দল ইরান এবং অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল (মঙ্গলবার) সিন্ধু প্রদেশে আয়োজিত এক জনসভায় দেয়া ভাষণে আসিফ আলী জারদারি এ কথা বলেন। তিনি বলেন, তার দল ক্ষমতায় থাকার সময় ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন চুক্তি করা হয়েছিল।” এ সময় তিনি ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি আহ্বান জানান।

ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের প্রতি ইঙ্গিত করে জারদারি বলেন, “নওয়াজ শরীফের সরকার কাতারের কাছ থেকে গ্যাস কেনার চুক্তি করেছে কিন্তু আমাদের অনুমতি দেয়া হলে এর চেয়ে সস্তায় গ্যাস আনতে পারতাম।”

প্রায় দেড় বছর স্বেচ্ছায় বিদেশে থাকার পর সম্প্রতি আসিফ আলী জারদারি নিজ দেশে ফিরেছেন। গতকালের জনসভায় তিনি জানান, তিনি এবং তার ছেলে বিলাল ভুট্টো ২০১৮ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উদ্দেশ করে বলেন, “আমি সংসদে আসব আপনাকে ক্ষমতাচ্যুত করতে নয় বরং কিছু জিনিস শিখিয়ে দিতে; জাতীয় ইস্যুতে আপনাকে পরামর্শ দিতে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭