ভারত সিন্ধু চুক্তি ভঙ্গ করলে তা বিপজ্জনক দৃষ্টান্ত হবে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i29437-ভারত_সিন্ধু_চুক্তি_ভঙ্গ_করলে_তা_বিপজ্জনক_দৃষ্টান্ত_হবে_পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমদ চৌধুরী বলেছেন, ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি চুক্তি (আইডাব্লিউটি) লঙ্ঘন করা হলে তা অন্যান্য দেশকেও একই আচরণ করার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি বলেন, পাকিস্তান এখনো আশাবাদী যে, ভারত এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৬ ১৫:৪৬ Asia/Dhaka
  • আইজাজ আহমদ চৌধুরী
    আইজাজ আহমদ চৌধুরী

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমদ চৌধুরী বলেছেন, ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি চুক্তি (আইডাব্লিউটি) লঙ্ঘন করা হলে তা অন্যান্য দেশকেও একই আচরণ করার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি বলেন, পাকিস্তান এখনো আশাবাদী যে, ভারত এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে এসব কথা বলেছেন আইজাজ আহমদ চৌধুরী। তিনি জানান, “ভারতের পক্ষ থেকে একতরফাভাবে এই চুক্তি লঙ্ঘন করলে তাতে কেবল সিন্ধু পানি চুক্তিই লঙ্ঘন করা হবে না বরং অন্য দেশগুলোর জন্যও তা নজির হয়ে যাবে এবং অনেক দেশ একইরকম কাজের জন্য আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে একে নজির হিসেবে দেখাবে।”

১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার পূর্বের তিন নদী রাভি, বিয়াস ও সাটলেজ নদী ভারতের জন্য বরাদ্দ করা হয়। অনদিকে, পশ্চিমের তিন নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানির ৮০ শতাংশ পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিকে খবর বের হয়েছে যে, ভারত খাল ও বিশালকারের ড্যাম নির্মাণের জন্য সিন্ধু অববাহিকার পশ্চিম নদীগুলোর পানি পূর্ণ ব্যবহারের চেষ্টা জোরদার পদক্ষেপ নিচ্ছে।

ভারত দাবি করছে, তারা সিন্ধু নদীর পানির ২০ ভাগেরই পূর্ণ ব্যবহার করছে না এবং প্রস্তাবিত পানি প্রকল্প এই চুক্তি লঙ্ঘন করবে না। তবে পাকিস্তান এ দাবিকে নাকচ করে আসছে।

আইজাজ চৌধুরী বলেন, এ ধরণের চরমপন্থা ভারত-পাকিস্তানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আবারো দু দেশের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো নয়; এর কারণ হচ্ছে দু দেশের মধ্যে কোনো সংলাপ হচ্ছে না।

আইজাজ চৌধুরী বলেন, “আমরা এও বিশ্বাস করি- দুই দেশের জন্য সবচেয়ে ভালো হবে আলোচনার টেবিলে বসে একে অন্যের সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় করা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮