তুরস্কের নাইটক্লাবে হামলা: অন্তত ৩৯ নিহত, আহত ৬৯
-
হামলার পর নাইটক্লাবটির বাইরের দৃশ্য
তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আজ(রোববার) খুব ভোরে চালানো সশস্ত্র হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছে বলে নগর প্রশাসক জানিয়েছেন। হামলার পর বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তাকে ধরার চেষ্টা চলছে।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। বন্দুুকধারীকে ধরার তৎপরতা চলছে এবং এতে তুরস্কের নিরাপত্তা বাহিনী সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খবরে বলা হয়েছে, সান্তা ক্লজের পোশাক পরে বন্দুকধারী রেইনা নাইট ক্লাবে হামলায় চালায়। ক্লাবে ঢোকার আগে সে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এরপর নাইট ক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপনরত ব্যক্তিদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে।
পরে ইস্তাম্বুলের গভর্নর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী দীর্ঘপাল্লার অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষদের বর্বরোচিত ভাবে হত্যা করেছে। ঘটনার সময় নাইট ক্লাবটিতে ৫০০ থেকে ৬০০ মানুষ উপস্থিত ছিল।
ঘটনার সময় অনেকেই পাশের বসফরাস প্রণালীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ পরে তাদের উদ্ধার করেছে। অবশ্য মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কোনো কোনো সংবাদ মাধ্যম আশংকা প্রকাশ করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১