পাক-ভারত পানি দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নিচ্ছে আমেরিকা
-
সিন্ধু নদীতে বাধ
পাকিস্তান ও ভারতের মধ্যকার পানি নিয়ে দ্বন্দ্ব নিরসন করার জন্য আমেরিকার বিদায়ী ওবামা প্রশাসন উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পাকিস্তান অথবা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণের জন্য তারা অপেক্ষা করছে না।
সম্প্রতি ভারতের পক্ষ থেকে কিষানগঙ্গা ও রাতলে নদীর ওপর সিন্ধু নদের মতো জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাধ দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। পাকিস্তান বলছে, ভারত এ উদ্যোগ নিয়ে সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘন করছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারকে ফোন করে ভারতের সঙ্গে পানি সংকট শান্তিপূর্ণভাবে মীমাংসার আহ্বান জানিয়েছিলেন।
আশংকা করা হচ্ছে- দু দেশের মধ্যকার এ সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান না হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। পাশাপাশি, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় যে সিন্ধু চুক্তি হয়েছিল তা বানচাল হয়ে যেতে পারে। সে আশংকা থেকেই মার্কিন বিদায়ী প্রশাসন সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে।
সম্প্রতি পাকিস্তান বলেছে, সমস্যা সমাধানের জন্য কোর্ট অব আরবিট্রেশনের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। ভারত বলেছে, তারা বিশ্বব্যাংককে প্রধান আরবিট্রেটর হিসেবে মানে তবে নিরপেক্ষ কোনো বিশেষজ্ঞকে কোর্ট অব আরবিট্রেশনের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। এ অবস্থায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ইয়ং কিম চিঠি লিখে দু দেশকে দ্বিপক্ষীয় ফোরামে বিষয়টি সমাধান করার কথা বলেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩