জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i30031-জরুরি_অবস্থার_মেয়াদ_বাড়াল_তুরস্ক
তুরস্কে গত বছরের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। এই মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পাঠানো একটি বিল তুর্কি পার্লামেন্ট পাস করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ০৪:০৩ Asia/Dhaka
  • তুর্কি উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস
    তুর্কি উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস

তুরস্কে গত বছরের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। এই মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পাঠানো একটি বিল তুর্কি পার্লামেন্ট পাস করেছে।

মঙ্গলবার পার্লামেন্টে এ সংক্রান্ত ভোটাভুটির আগে তুর্কি উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস ‘সব ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে যুদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সন্ত্রাসীরা নববর্ষের রাতে ইস্তাম্বুলের নাইট ক্লাবে হামলা চালিয়ে ২০১৭ সালব্যাপী সন্ত্রাসী হামলা চালানোর পরোক্ষ বার্তা দিয়েছে বলে তিনি দাবি করেন।

কুরতুলমুস বলেন, এর জবাবে তুর্কি সরকারের প্রতিক্রিয়া অত্যন্ত স্পষ্ট; সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উৎপত্তি কোথায়, তারা কী চায় এবং কে তাদের সমর্থন দিচ্ছে সেসব না দেখে তাদের ধ্বংস করে দেয়ার আগ পর্যন্ত আঙ্কারার যুদ্ধ চলবে।

গত জুলাইয়ে জারি করা জরুরি অবস্থার ক্ষমতাবলে তুর্কি নিরাপত্তা বাহিনী যেকোনো সময় সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে আটক এবং বিনা বিচার বা অভিযোগে অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারে।  প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকার এই ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলগুলোকে দমন করছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে। 

তবে আঙ্কারা বলছে, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য জরুরি অবস্থা জারি থাকার প্রয়োজন রয়েছে। এ ছাড়া, প্রবাসী বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনের সমর্থকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যও জরুরি অবস্থা প্রয়োজন বলে মনে করছে এরদোগান সরকার। ২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য গুলেনকে দায়ী করছে আঙ্কারা। গুলেন এ অভিযোগ নাকচ করে এসেছেন। ওই অভ্যুত্থান প্রচেষ্টায় সামরিক-বেসামরিক মিলিয়ে অন্তত ২৪০ ব্যক্তি নিহত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪