ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে: আবারো বললেন সাবেক পাক প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i30100-ইরানের_সঙ্গে_সম্পর্ক_জোরদার_করতে_হবে_আবারো_বললেন_সাবেক_পাক_প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সব খাতে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বিস্তারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ১৭:২২ Asia/Dhaka
  • আসিফ আলী জারদারি ও মেহদি সোবহানি
    আসিফ আলী জারদারি ও মেহদি সোবহানি

ইরানের সঙ্গে সব খাতে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বিস্তারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কনসাল জেনারেল মেহদি সোবহানি করাচিতে পিপিপি’র সদর দপ্তর বিলওয়াল হাউজে জারদারির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও ইরানের কনসাল জেনারেল এ সময় পারস্পরিক স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

আসিফ আলী জারদারি বলেন, তিনি ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন বা আইপি প্রকল্প বাস্তবায়নকে সমর্থন করেন এবং সব ক্ষেত্রে ইরানের সঙ্গে তার দলের সম্পর্ক বিস্তার করতে চান। তিনি আরো বলেন, তার সরকারের আমলে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছিল এবং গ্যাস পাইপলাইন চুক্তি সই ছিল তার সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ সময় ইরানের কনসাল জেনারেল বলেন, তার দেশ সবক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার জন্য উন্মুখ হয়ে আছে। এর আগে বেনজির ভুট্টোর নবম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত এক সমাবেশে জারদারি বলেছিলেন, তার দল ইরান এবং অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪