আরো ৬,০০০ ব্যক্তির চাকরি খেল তুর্কি সরকার
https://parstoday.ir/bn/news/world-i30292-আরো_৬_০০০_ব্যক্তির_চাকরি_খেল_তুর্কি_সরকার
তুরস্ক সরকার দেশটির আরো অন্তত ৬,০০০ পুলিশ, সরকারি চাকুরিজীবী ও শিক্ষককে বরখাস্ত করেছে। ২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কথিত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০১৭ ০৪:৫৯ Asia/Dhaka
  • সরকার বিরোধীদের বিরুদ্ধে দমন অভিযানের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ (ফাইল ছবি)
    সরকার বিরোধীদের বিরুদ্ধে দমন অভিযানের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ (ফাইল ছবি)

তুরস্ক সরকার দেশটির আরো অন্তত ৬,০০০ পুলিশ, সরকারি চাকুরিজীবী ও শিক্ষককে বরখাস্ত করেছে। ২০১৬ সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কথিত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।

তুর্কি সরকার দেশটিতে জারি করা জরুরি অবস্থার ক্ষমতাবলে শুক্রবার তিনটি ডিক্রি জারি করে।  এসব ডিক্রির মাধ্যমে ২,৬৮৭ পুলিশ, বিচার বিভাগের ১,৬৯৯ কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৮৩৮ চাকুরিজীবী, ৬৪৯ শিক্ষক এবং ধর্ম মন্ত্রণালয়ের ১৩৫ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গত মঙ্গলবার তুরস্কের পার্লামেন্ট দেশটিতে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর জারি করা বিশেষ অবস্থার মেয়াদ আরো তিন মাসের জন্য বাড়ায়। এই অবস্থা জারি থাকলে সরকার যেকোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশে গ্রফতার এবং বিনা বিচারে অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখতে পারে।  সেইঙ্গে সরকার পার্লামেন্টকে পাশ কাটিয়ে নতুন নতুন আইন পাস করতে এবং প্রয়োজনে সব ধরনের নাগরিক অধিকার স্থগিত রাখতে পারে।

গত জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অন্তত ২৪০ ব্যক্তি নিহত হয়।  প্রবাসী বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে ওই অভ্যুত্থানে ইন্ধন যোগানোর জন্য অভিযুক্ত করে তুরস্কে তার কথিত অনুসারীদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে আঙ্কারা।  তুরস্কে জুলাইর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪০,০০০ ব্যক্তিকে আটক করে কারাগারে নিক্ষেপ করার পাশাপাশি এক লাখের বেশি সরকারি চাকুরিজীবীকে বরখাস্ত করা হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭