রাশিয়ার ‘আগ্রাসন ঠেকাতে’ ইউরোপে যাচ্ছে শত শত মার্কিন ট্যাংক
https://parstoday.ir/bn/news/world-i30304-রাশিয়ার_আগ্রাসন_ঠেকাতে’_ইউরোপে_যাচ্ছে_শত_শত_মার্কিন_ট্যাংক
জার্মানির একটি বন্দরে মার্কিন শত শত ট্যাংক, ট্রাকসহ সামরিক সরঞ্জাম পৌঁছেছে। রুশ সীমান্তের কাছে ন্যাটো অবস্থান জোরদারের অংশ হিসেবে এগুলোকে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০১৭ ০৮:৫৪ Asia/Dhaka
  • রাশিয়ার  ‘আগ্রাসন ঠেকাতে’ ইউরোপে যাচ্ছে শত শত মার্কিন ট্যাংক

জার্মানির একটি বন্দরে মার্কিন শত শত ট্যাংক, ট্রাকসহ সামরিক সরঞ্জাম পৌঁছেছে। রুশ সীমান্তের কাছে ন্যাটো অবস্থান জোরদারের অংশ হিসেবে এগুলোকে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে।

জার্মান সংবাদপত্র ডয়েচে ভেলে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে মার্কিন সামরিক মালবাহী একটি জাহাজ বুধবার জার্মানির ব্রিমারহ্যাভেন বন্দরে পৌঁছেছে। শুক্রবার থেকে জাহাজের মাল নামানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া, রোববারের মধ্যে একই বন্দরে আরো দু’টি মালবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।

ভারি ভারি মাল সড়ক এবং রেলপথে পোল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে দৈনিকটি জানিয়েছে। পূর্ব ইউরোপে এ সব ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হবে বলে বার্তা সংস্থার রয়টারের খবরে বলা হয়েছে।

এ ছাড়া, পোল্যান্ড, বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলো, বুলগেরিয়া ও রোমানিয়ায় মোতায়েন করা হবে চার হাজার মার্কিন সেনা। পর্যায়ক্রমে এ সব সেনা সেখানে অবস্থান করবে।

এদিকে, চলতি মাসের শেষ দিকে পোল্যান্ডে সেনা মোতায়েন সংক্রান্ত মহড়া চালাবে ন্যাটো। রাশিয়ার কথিত আগ্রাসী আচরণের মুখে ইউরোপীয় মিত্রদের উদ্বেগ হ্রাস করতে এ মহড়া আয়োজনের দাবি করেছে ন্যাটো।#

পার্সটুডে/মূসা রেজা/৭