ইউরোপজুড়ে প্রচণ্ড ঠাণ্ডায় ২৩ জনের প্রাণহানি
ইউরোপের বিভিন্ন দেশে প্রচণ্ড ঠাণ্ডা গত দুই দিনে অন্তত ২৩ ব্যক্তি প্রাণ হারিয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
পোল্যান্ডে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশটিতে প্রচণ্ড শীতে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পোলিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, শুধুমাত্র শুক্রবার সাতজন প্রাণ হারিয়েছে। এটি ছিল চলতি বছরের শীতের সবচেয়ে প্রাণঘাতী দিন। এছাড়া, শনিবার মারা গেছে আরো তিনজন। এ নিয়ে গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত মারাত্মক শীতে দেশটিতে মৃত মানুষের সংখ্যা ৫৩ জনে পৌঁছেছে বলে তিনি জানান।
এদিকে ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে গত ৪৮ ঘন্টার প্রচণ্ড শীতে পাঁচ গৃহহীন ব্যক্তিসহ সাতজন মারা গেছে। প্রচণ্ড ঠাণ্ডা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির বারি, ব্রিন্ডিস এবং সিসিলি শহরের বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে দুই গৃহহীন ব্যক্তি এবং একটি পার্কিং লটের একজন গার্ড প্রচণ্ড শীতে প্রাণ হারিয়েছেন।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রিতে পৌঁছেছে। সেন্ট পিটার্সবার্গের তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে ২৪ ডিগ্রি নীচে নেমে গেছে। শনিবার সকালে এ শহর থেকে পুলিশ ঠাণ্ডায় জমে যাওয়া একটি মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া, বুলগেরিয়ার পুলিশ তুরস্কের সঙ্গে দেশটির সীমান্তবর্তী এলাকার একটি পাহাড় থেকে দু’জন অভিবাসীর লাশ উদ্ধার করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮