ইসরায়েলি লিগে অবৈধ ইহুদিবাদী বসতির নানা ক্লাবের অংশগ্রহণ ফিফা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
ইউরোপীয় ফুটবলে ইসরায়েলকে সাসপেন্ড করুন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
ইউরোপীয় ফুটবলে ইসরায়েলকে সাসপেন্ড করুন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
পার্সটুডে: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এআই ইসরায়েলি ফুটবল ফেডারেশনকে স্থগিত করতে আন্তর্জাতিক ও ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েলি বসতিগুলোতে অবস্থিত ক্লাবগুলো ইসরায়েলি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখায় এই ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে সংস্থাটি ইউরোপীয় নেশনস লিগে ইসরায়েলি দলের অংশগ্রহণকে “অযৌক্তিক” বলে অভিহিত করেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইউরোপ বিষয়ক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক স্টিভ ককবার্ন এক বিবৃতিতে বলেছেন, “ইসরায়েলি ফুটবল ফেডারেশন অবৈধ বসতিগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখছে—এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও চলতি শরতে ইসরায়েলি পুরুষ ফুটবল দলের উয়েফা নেশনস লিগে অংশগ্রহণ করতে দেয়া অযৌক্তিক।”
তিনি আরও বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ বসতিগুলোতে অবস্থিত ক্লাবগুলোকে বাদ দিতে অস্বীকৃতি জানানোর কারণে উয়েফা ও ফিফার উচিত ছিল তাদের সংস্থায় ইসরায়েলি ফুটবল ফেডারেশনকে স্থগিত করা।
ককবার্ন বলেন, দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠীর ফুটবল লিগগুলোতে অবৈধ ইহুদিবাদী বসতিগুলোর নানা ক্লাবের অংশগ্রহণ অব্যাহত থাকাটা “ফিফা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”
তিনি আরও সতর্ক করে বলেন, ইসরায়েলি ফুটবল ফেডারেশনকে ইউরোপিয় ফুটবল ফেডারেশন তথা উয়েফা ও ফিফার দেয়া আর্থিক সহায়তার ফলে “ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, বসতি স্থাপন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রাখতে সহায়তা করার ঝুঁকি রয়েছে।” #
পার্সটুডে/এমএএইচ /২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।