প্রথমবারের মতো সাবমেরিন থেকে পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
পাকিস্তান প্রথমবারের মতো সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সফল পরীক্ষা চালিয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম বাবর-৩ নামের ৪৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে দেশটি ‘দ্বিতীয় হামলা’ চালানোর বিশ্বাসযোগ্য সক্ষমতা অর্জন করেছে বলে পাক সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। এতে, চিরপ্রতিদ্বন্দ্ধি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার হলো।
যুদ্ধের সময় শত্রুর হামলায় স্থলভাগের পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গেলেও সাগরে থাকা সাবমেরিন থেকে চালানো পাল্টা পরমাণু আক্রমণকে 'সেকেন্ড স্ট্রাইক' বা ‘দ্বিতীয় হামলা’ হিসেবে অভিহিত করা হয়।
দেশীয়ভাবে বাবর-৩ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে। ক্ষেপণাস্ত্রটি পানির নিচের চলমান মঞ্চ থেকে ছোঁড়ার পর নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর। ভারত মহাসাগর থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানানো হলেও উৎক্ষেপণের সুনির্দিষ্ট স্থান জানানো হয় নি।
বাবর-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমুদ্র সংস্করণ হলো বাবর-৩। বাবর-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর এক মাসের কম সময়ের মধ্যেই বাবর-৩ এর পরীক্ষা চালানো হলো।#
পার্সটুডে/মূসা রেজা/৯