আঙ্কারার ইউ-টার্ন: ‘ইরাক থেকে সৈন্য সরাব না’
-
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইশিক
তুরস্ক বলেছে, দেশটি এই মুহূর্তে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে না; এমনকি সৈন্য প্রত্যাহার নিয়ে কোনো আলাপও করতে রাজি নয় আঙ্কারা। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইশিক আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল না করা পর্যন্ত সেনা প্রত্যাহার নিয়ে বাগদাদের সঙ্গে কোনো আলোচনা করবে না আঙ্কারা।
অবশ্য ‘বন্ধুত্বপূর্ণ উপায়ে’ তুর্কি সেনা সরিয়ে নেয়ার বিষয়টির সমাধান করা হবে বলেও দাবি করেন তিনি। ইশিক বলেন, ‘ইরাকের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তুরস্কের পূর্ণ শ্রদ্ধা থাকলেও বাশিকা’য় বাধ্য হয়ে সেনা মোতয়েন করেছে আঙ্কারা।’
তুরস্ক ২০১৫ সালের নভেম্বরে বাগদাদের অনুমতির তোয়াক্কা না করেই ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের নিকটবর্তী বাশিকা ঘাঁটিতে অন্তত ১৫০ সেনা মোতায়েন করে। আঙ্কারা দাবি করে, মসুল শহরকে দায়েশমুক্ত করতে সাহায্য করবে এসব সেনা। ইরাক সরকার শুরু থেকেই এসব সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছে।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরাকের বাশিকা ঘাঁটিতে তার দেশের সেনা মোতায়েন সফল হয়েছে এবং তারা গত প্রায় দুই বছরে অন্তত ৭০০ দায়েশ সন্ত্রাসীকে হত্যা ও স্থানীয় কয়েক হাজার যোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছে।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী এমন সময় এসব কথা বললেন যখন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সাম্প্রতিক বাগদাদ সফরের সময় ইরাকি কর্মকর্তারা ভিন্ন ধরনের খবর দিয়েছিলেন। তারা শনিবার বলেছিলেন, ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে আঙ্কারা।
এরপর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি মঙ্গলবার ঘোষণা করেছিলেন, বাশিকা ঘাঁটি থেকে তুরস্ক সেনা প্রত্যাহার না করা পর্যন্ত দু’দেশের সম্পর্কের উন্নতি হবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২