পাকিস্তানে সিপিইসি প্রকল্পে নাশকতা পরিকল্পনা নস্যাৎ: আটক ১২
পাকিস্তানের পুলিশ চীন-পাকিস্তান অর্থনৈতিক প্রকল্প বা সিপিইসির বিরুদ্ধে নাশকতা চালানোর একটি পরিকল্পনা নস্যাৎ করেছে এবং চক্রান্তে জড়িত ১২ ব্যক্তিকে আটক করেছে। এ ছাড়া, ব্যাপক পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে।
সিপিইসি প্রকল্পে নাশকতা চালানোর পাশাপাশি গিলগিট-বালতিস্তান বা জিবি’তে পাকিস্তান বিরোধী মনোভাব উস্কে দেয়ার জন্য এ পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। জিবি পুলিশের মহাপরিচালক জাফর ইকবাল আওয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, গিজার জেলাসহ গিলগিট-বালতিস্তানের অন্যান্য এলাকায় ইসমাইলিদের জামাতখানায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। তিনি দাবি করেন, আটক সন্দেহভাজনদের তহবিল যুগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র।’
এ ঘটনায় আটক ব্যক্তিরা বালাওয়ারিস্তান ন্যাশনাল ফ্রন্ট বা বিএনএফ’এর কর্মী। ফন্ট্রের প্রধান আবদুল হামিদ বেলজিয়ামে বসবাস করেন এবং তাকে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য ৩০ কোটি রুপি দেয়া হয়েছে বলে দাবি করেন জিবি’র আইজি জাফর ইকবাল আওয়ান।
এ ঘটনায় জড়িত ৬০জনকে পুলিশ চিহ্নিত করেছে এবং এর মধ্যে ১২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৮ টি কালাশিনকোভ, ১২টি শটগানসহ ৭এমএম বন্দুক এবং পিস্তল রয়েছে বলে জানানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯