পাকিস্তানের শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণ: নিহত ২১
https://parstoday.ir/bn/news/world-i31468-পাকিস্তানের_শিয়া_অধ্যুষিত_এলাকায়_বোমা_বিস্ফোরণ_নিহত_২১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার শহরের শিয়া অধ্যুষিত একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। বিস্ফোরণে উপজাতি অধ্যুষিত কুররম জেলার রাজধানী শহর পারাচিনার কেঁপে ওঠে। শহরটি আফগান সীমান্তের কাছে অবস্থিত।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২১, ২০১৭ ১৪:১৮ Asia/Dhaka
  • বোমা হামলার পর সবজি বাজারের অবস্থা
    বোমা হামলার পর সবজি বাজারের অবস্থা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার শহরের শিয়া অধ্যুষিত একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। বিস্ফোরণে উপজাতি অধ্যুষিত কুররম জেলার রাজধানী শহর পারাচিনার কেঁপে ওঠে। শহরটি আফগান সীমান্তের কাছে অবস্থিত।

ওই এলাকার সংসদ সদস্য সাজিদ হোসেইন তুরি জানান, বিস্ফোরণের পর সেখান থেকে ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, নিহতদের জন্য গণ-জানাযার আয়োজন করা হবে এবং পরে বোমা হামলার বিরুদ্ধে বিক্ষোভ হবে। সরকারি কর্মকর্তারা মনে করছেন, বিস্ফোরণের ঘটনায় অনেকের অবস্থার গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

সংসদ সদস্য তুরি জানান, সন্ত্রাসীরা ঘরে তৈরি বোমা সবজি বাজারের টমেটো স্তুপের ভেতরে পেতে রেখেছিল এবং লোকজনের সমাবেশ ঘটলে তাতে আজ (শনিবার) সকালে বিস্ফোরণ ঘটায়। আহতদেরকে হেলিকপ্টারে করে হাসাপতালে নেয়া হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা জানা যায় নি। তবে এর আগে তালেবান সন্ত্রাসীরা শিয়া মুসলমানদের লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১