আস্তানা বৈঠক ইরান, রাশিয়া ও তুরস্কের জন্য ‘অর্জন’: মস্কো
https://parstoday.ir/bn/news/world-i31507-আস্তানা_বৈঠক_ইরান_রাশিয়া_ও_তুরস্কের_জন্য_অর্জন’_মস্কো
আস্তানায় সিরিয়া বিষয়ক আলোচনাকে মস্কো, তেহরান ও আঙ্কারার জন্য অর্জন হিসেবেই দেখছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কাজাখস্তানের রাজধানীতে সিরিয়া সংকট নিয়ে যে আলোচনা হতে যাচ্ছে তা সিরিয়ায় চলমান অবস্থার অবসান ঘটাতে মস্কো, তেহরান ও আঙ্কারার যৌথ প্রচেষ্টার ফল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২১, ২০১৭ ১৮:০২ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

আস্তানায় সিরিয়া বিষয়ক আলোচনাকে মস্কো, তেহরান ও আঙ্কারার জন্য অর্জন হিসেবেই দেখছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কাজাখস্তানের রাজধানীতে সিরিয়া সংকট নিয়ে যে আলোচনা হতে যাচ্ছে তা সিরিয়ায় চলমান অবস্থার অবসান ঘটাতে মস্কো, তেহরান ও আঙ্কারার যৌথ প্রচেষ্টার ফল।

আস্তানায় ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় আন্তঃসিরিয় আলোচনা শুরুর প্রাক্কালে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, সিরিয়া সংকট নিয়ে তিন দেশের মধ্যে তৈরি ঐক্যের ফলাফল যথেষ্ট মূল্যবান।

রিয়াবকভ বলেন, তিন দেশ এ বিষয়ে এরইমধ্যে যেসব সমঝোতায় পৌঁছেছে আস্তানা বৈঠক সেগুলো আরো জোরদার করবে। আস্তানা আলোচনার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সিরিয়ায় বছরের পর বছর রক্তপাতের পর এই সমস্যার সমাধান খুঁজে বের করতে জড়িত পক্ষগুলো এক জায়গায় বসতে যাচ্ছে।

রুশ এই কর্মকর্তা আরো বলেন, সিরিয়াসহ আঞ্চলিক পরিস্থিতির উপর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা ইতিবাচক প্রভাব ফেলেছিল। তিনি জানান, কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরানই নয় বরং এর সাথে যুক্ত সব পক্ষের জন্য চুক্তিটি ‘উত্তম’ ছিল।

এর আগে, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এবং রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক বিশেষ দূত মিখাইল বোগদানভ সিরিয়ায় ইরান ও রাশিয়ার সন্ত্রাসবিরোধী প্রচারণায় তাদের অর্জনের প্রশংসা করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১