নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আকাঙ্ক্ষা দিবাস্বপ্নেরই নামান্তর: রাশিয়া
-
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, অন্য দেশের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন রুশ বিরোধী নিষেধাজ্ঞার ওপর তার কোনো প্রভাব পড়বে না;কেউ মস্কো বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেবে না।
রোববার মস্কোয় ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মেদভেদেভ বলেন, “আমাদের দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে যারা কল্পনা করেন তারা ঘোরের মধ্যে আছেন। এসব নিষেধাজ্ঞা দীর্ঘদিন বলবৎ থাকবে। অন্য দেশের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আশায় বুক বাধবেন না।”
নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন। তার এ বক্তব্যের সূত্র ধরে রাশিয়াসহ আরো কিছু দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, রাশিয়ার ওপর আমেরিকা ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প।
ইউক্রেন সংকটে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে ২০১৪ সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায় ইউরোপ থেকে খাদ্যপণ্য আমদানি বন্ধ করে দিয়েছিল রাশিয়া।
রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ তার বক্তব্যে আরো বলেন, ইউরোপের পক্ষ থেকে আরোপিত কিছু নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে, বিশেষ করে রাশিয়ার কৃষিপণ্য এখন বিপুল পরিমাণ লাভের মুখ দেখছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩