রাশিয়ায় জর্দানের রাজা; পুতিন বলেছেন সিরিয়ায় সামরিক সমাধান নেই
https://parstoday.ir/bn/news/world-i31855-রাশিয়ায়_জর্দানের_রাজা_পুতিন_বলেছেন_সিরিয়ায়_সামরিক_সমাধান_নেই
সিরিয়ার চলমান সংঘাত বন্ধের বিষয়ে আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ২৩:২৭ Asia/Dhaka
  • বৈঠকে রাজা আবদুল্লাহ (বামে) ও প্রেসিডেন্ট পুতিন
    বৈঠকে রাজা আবদুল্লাহ (বামে) ও প্রেসিডেন্ট পুতিন

সিরিয়ার চলমান সংঘাত বন্ধের বিষয়ে আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই।

জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে রাজধানী মস্কোয় ‌এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তিনি সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টায় সমর্থন দেয়ার জন্য জর্দানের প্রশংসা করেন। পুতিন বলেন, “একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের অভিন্ন প্রচেষ্টায় যুদ্ধ বন্ধের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।”

সম্প্রতি, কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি সম্মেলনের অর্জনকে “ভালো ভিত্তি” বলে উল্লেখ করেন রুশ নেতা। তিনি বলেন, ওই সম্মেলনে অংশ নেয়া সব পক্ষই একমত হয়েছে যে, সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই।

বৈঠকে রাজা আবদুল্লাহ শান্তি প্রচেষ্টার জন্য রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “রাশিয়াকে ছাড়া আমরা শুধু সিরিয়া সমস্যার সমাধান নয়; মধ্যপ্রাচ্যের কোনো সমস্যারই সমাধান পাব না।” তিনি আশা করেন, আস্তানা বৈঠক সিরিয়ার জনগণের জন্য একটা অংশগ্রহণমূলক ভবিষ্যত বয়ে আনবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭