সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা অগ্রহণযোগ্য: নতুন ব্রিটিশ জরিপ
বেশিরভাগ ব্রিটিশ নাগরিক রাজতান্ত্রিক সৌদি আরবের কাছে ব্রিটেনের অস্ত্র বিক্রির বিরোধীতা করেছেন বলে নতুন একটি জরিপের ফলাফলে জানা গেছে।
ব্রিটেনের দুই-তৃতীয়াংশ তথা ৬২ ভাগ মানুষ মনে করে, রিয়াদের কাছে অস্ত্র বিক্রি করা 'অগ্রহণযোগ্য'। ব্রিটেন ভিত্তিক 'দি ক্যাম্পেইন অ্যাগেনষ্ট দি আর্মস ট্রেড' বা (সিএএটি)'র মাধ্যমে চালানো একটি মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।
সৌদি আরবের কাছে ব্রিটিশ সরকারের অস্ত্র স্থানান্তর নিয়ে ব্রিটেনের আপিল আদালত যখন চলতি সপ্তাহে একটি বিচার বিভাগীয় পর্যালোচনা করবে বলে ঘোষণা দিয়েছে তখন এ জরিপ প্রকাশ করা হলো। সিএএটি'র এ ঐতিহাসিক জরিপ সৌদি আরবের কাছে ব্রিটেনের অস্ত্র বিক্রি বাধাগ্রস্ত করার পাশাপাশি অন্যান্য দেশেও অস্ত্র রপ্তানী ক্ষেত্রে বিরোপ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানী করার সব ধরণের লাইসেন্স বাতিল করাসহ দেশটির কাছে নতুন করে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটেন ভিত্তিক সিএএটি সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্য সর্ম্পকিত ব্রিটেনের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে। দারিদ্র্য পীড়িত ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে এ সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে, সিএএটি'র কর্মকর্তা এন্ড্রু স্মিত বলেছেন, ইয়েমেনে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষেত্রে ব্রিটেনের জঙ্গিবিমান এবং বোমা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৫