সৌদি রাজার সফরের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ
সৌদি রাজার সফরের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় সৌদি দূতাবাসের সামনে সমবেত হয়ে রাজা সালমানের সফরের প্রতিবাদ জানায়। ইন্দোনেশিয়ার ক্ষুব্ধ জনতা মধ্যপ্রাচ্যসহ সারা মুসলিম বিশ্বের ঘটনাবলীর ব্যাপারে সৌদি সরকারের নীতিতে পরিবর্তন আনার দাবি জানিয়েছে।
সৌদি রাজা সালমান মালয়েশিয়া সফর শেষ করে ইন্দোনেশিয়া পৌঁছেছেন। নিজস্ব নিরাপত্তা কর্মীসহ তার সফরসঙ্গীর সংখ্যা দেড় হাজারের বেশি। এ বিষয়টিকে ইন্দোনেশিয়ার নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবমাননা হিসেবে দেখা হচ্ছে। ইন্দোনেশিয়া সবচেয়ে মুসলিম জনবহুল দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয় সহযোগিতা সংস্থা বা আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য। এ অবস্থায় মুসলিম বিশ্বে ফেতনা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত সৌদি রাজার বিশাল বহরের এ সফরকে ইন্দোনেশিয়ার মর্যাদার জন্য অবমাননাকর হিসেবে দেখছে সে দেশের জনগণ।
এ ছাড়া, ইন্দোনেশিয়ার জনগণের কাছে আরো তিনটি বিষয় গুরুত্বপূর্ণ যা কিনা সৌদি রাজার জাকার্তা সফরের কারণে উপেক্ষিত হয়েছে। প্রথমত, সিরিয়া ও ইয়েমেনে সীমাহীন অপরাধযজ্ঞে জড়িত রয়েছে সৌদি আরব। সৌদি শাসকরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতায় সারা মুসলিম বিশ্বে ফেতনা ও রক্তবন্যা বইয়ে দিয়েছে। এ কারণে ইন্দোনেশিয়ার জনগণ চায় না সরকার এমন কোনো ব্যক্তির আতিথেয়তা করুক যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ইন্দোনেশিয়ার শ্রমিক বিশেষ করে নারীকর্মীদের সাথে সৌদিদের দুর্ব্যবহার। গত দুই বছরে সৌদি আরবে ইন্দোনেশিয়ার শ্রমিকদের সাথে অসদাচরণ এবং নারীকর্মীদের ওপর যৌন নির্যাতনের বহু ঘটনা ঘটেছে। এমন অনেক নারীকে সৌদি আরব থকে বের করে দেয়া হয়েছে যাদেরকে বহু বছর ধরে যৌন দাসী হিসেবে ব্যবহার করত সৌদিরা। ইন্দোনেশিয়ার জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় সৌদি রাজার এ সফরের কারণে ইন্দোনেশিয়ার জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ।
তৃতীয় বিষয়টি হচ্ছে, মিনা বিপর্যয়ে ইন্দোনেশিয়ার নিহত ১২ হাজির রক্তমূল্য এখনো পরিশোধ করেনি সৌদি আরব। ইন্দোনেশিয়ার জনগণ মনে করে সরকার এমন এক ব্যক্তির আতিথেয়তা করছে যার কিনা হারামাইন শরীফের নিরাপত্তা রক্ষার ক্ষমতা তো নেই এমনকি ইন্দোনেশিয়ার জনগণকেও সে অবমাননা করেছে।
বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার মতো ইন্দোনেশিয়ার বেশিরভাগ জনগণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সৌদি শীর্ষ নেতার সফরের বিষয়ে উদ্বিগ্ন। কারণ সৌদিপন্থী উগ্র ওয়াহাবি গোষ্ঠীগুলো সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে ব্যাপক তৎপর। বিশেষ করে শিয়া মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এবং দায়েশ সন্ত্রাসীদের বিস্তারের মাধ্যমে ওয়াহাবিরা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। আর এসবের পেছনে রয়েছে সৌদি আরবের অর্থ সহায়তা। এ কারণে মালয়েশিয়ায় সৌদি রাজার সফরের একই সময়ে দেশটির জনগণ সন্ত্রাসবাদ ও ও ওয়াহাবি মতবাদ বিস্তারে ভূমিকা পালনকারী জাকির নায়েকের বিরুদ্ধেও বিচারিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৪