হল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব: মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে তুরস্ক-ইউরোপ
-
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমান নামতে না দেয়ার প্রতিবাদে নেদারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তুর্কি সরকার। নেদারল্যান্ডের রটেরডাম শহরে আজ (শনিবার) চাভুসওগ্লুকে বহনকারী বিমান নামার অনুমতি দেয় নি ডাচ সরকার।
খবরের সত্যতা নিশ্চিত করে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “আমরা আজ নেদারল্যান্ডের উপ রাষ্ট্রদূতকে তলব করেছি।” তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে রটেরডাম শহরে নামতে না দেয়ার কয়েক ঘণ্টা পর তুরস্ক ডাচ কূটনীতিককে তলব করল।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে ব্যাপক পরিমাণ ক্ষমতা দেয়ার জন্য দেশটির সংবিধানে পরিবর্তন আনতে আগামী ১৬ এপ্রিল যে গণভোটের আয়োজন করা হয়েছে তাতে নেদারল্যান্ডে বসবাসকারী তুর্কি নাগরিকদের সমর্থন আদায়ের জন্য চাভুসওগ্লু রটেরডাম শহর সফরে যান। সেখানে আজ একটি সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে -এমন অজুহাত দেখিয়ে নেদারল্যান্ডের সরকার চাভুসওগ্লুর বিমান নামার অনুমতি প্রত্যাহার করে নেয়। এ ঘটনাকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ‘নাৎসী মনোভাব’ বলে মন্তব্য করেছেন। এছাড়া, সিএনএন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে চাভুসওগ্লু বলেছিলেন, ডাচ সরকার তাকে নামার অনুমতি না দিলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে আংকারা।
ইউরোপের অন্যতম প্রধান ধনী দেশ নেদারল্যান্ডে তুরস্কের প্রায় চার লাখ নাগরিকের বসবাস রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তুরস্কের সঙ্গে অনেকটা দ্বন্দ্বের অবস্থান চলে গেছে ইউরোপ। এর আগে জার্মানিতে তুর্কি নাগরিকদের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবাদে জার্মানিকে নাজিবাদী দেশ বলে অভিহিত করেছে তুরস্ক। এছাড়া, পুরো ইউরোপে তুরস্কের নাগিরকদের সমাবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১