রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা গ্রেফতার
-
মিছিলের কাছাকাছি গেলেই পুলিশ ন্যাভালিনকে আটক করে নিয়ে যায়
রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি ন্যাভালনিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানী মস্কোয় দুর্নীতি বিরোধী একটি বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।
প্রধান বিরোধীদলের পক্ষ থেকে সারাদেশে এ বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল। বিক্ষোভকারীরা দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।
রাজধানী মস্কোসহ সারাদেশ থেকে অন্তত ৫০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই এসব বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল।
অ্যালেক্সি ন্যাভালনি মস্কোর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ করতে গেলে তাকে আটক করা হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে বাধা দেয়ার ব্যর্থ চেষ্টা চালায়। আটক হওয়ার পর এক টুইট বার্তায় তিনি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজধানী মস্কোর পাশাপাশি সেন্ট পিটার্সবার্গ, ভ্লাদিভস্তক, নোভোসিব্রিস্ক ও তমস্ক’সহ আরো কয়েকটি শহরে বিক্ষোভকারী নেতা-কর্মীদের আটক করা হয়েছে। মার্কিন সরকার ‘ব্যাপক হারে’ রুশ বিক্ষোভকারীদের গ্রেফতারের সমালোচনা করেছে।
প্রধানমন্ত্রী মেদভেদেভ তার মাসিক বেতনের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করে বিলাসবহু বাড়ি, আঙ্গুরের খেত ও ইয়ট কিনেছেন বলে খবর বের হওয়ার পর অ্যালেক্সি ন্যাভালনি দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেন।
প্রধানমন্ত্রী মেদভেদেভের মুখপাত্র তার বিরুদ্ধে আনীতি অভিযোগকে ‘প্রচারণামূলক আক্রমণ’ বলে উড়িয়ে দিলেও প্রধানমন্ত্রী নিজে এ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭