মৃত্যুর প্রহর গুণছে ইউরোপীয় ইউনিয়ন: লে পেন
-
মেরিন লে পেন
ফ্রান্সের উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তিনি ফ্রান্সকে বিশ্বায়নের হাত থেকে রক্ষা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার এক নির্বাচনি জনসভায় লে পেন বলেন, ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু হবে কারণ সাধারণ মানুষ আর এটিকে চায় না। 'উদ্ধত ও অহংকারী সাম্রাজ্যবাদীরা' ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
লে পেন বলেন, বিশ্বায়নবাদীদের বিরুদ্ধে জয়ী হওয়ার সময় এসেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন ও মধ্যপন্থি প্রার্থী ইমানুয়েল ম্যাকরনকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেন তিনি। লে পেন দাবি করেন, এই দুই নেতাই তাদের ইইউ ও মুক্ত বাজারপন্থি নীতির কারণে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট হতে পারলে তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পরিবর্তে নতুন একটি ইউরোপ গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন যার নাম হবে ‘দ্যা ইউরোপ অব দ্যা পিপল’ বা জনগণের ইউরোপ।
এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিন লে পেন। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি বলেছেন, ফ্রান্সে মুসলমানদের প্রবেশ ঠেকাতে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।একইসঙ্গে অভিবাসীদের প্রবেশের ওপরেও আরোপ করবেন কঠোর নীতিমালা।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লে পেন জয়ী হলেও তিনি শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাবেন না। এ কারণে নির্বাচন দ্বিতীয় পর্যায়ে গড়াবে এবং ৭ মে অনুষ্ঠেয় ওই নির্বাচনে তিনি পরাজিত হবেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭