কিম জং-ন্যামের লাশ উত্তর কোরিয়ায় পাঠানোর জন্য ছেড়ে দিয়েছে মালয়েশিয়া
-
কিম জং-ন্যাম (ফাইল ছবি)
পিয়ংইয়ং-এর সঙ্গে আলোচনার জের ধরে উত্তর কোরিয় নেতার সৎ ভাই কিম জং-ন্যামের লাশ দেশে পাঠানোর জন্য ছেড়ে দিয়ে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, ময়না তদন্তকারী একজন কর্মকর্তা ন্যামের মৃতদেহ ছেড়ে দেয়ার বিষয়টি অনুমোদন করেছেন।
গত মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় কিম জং-ন্যাম নিহত হন। ওই হত্যাকাণ্ডের জের ধরে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে তীব্র কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়।
এ হত্যাকাণ্ডের জন্য মালয়েশিয়া সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী না করলেও পিয়ংইয়ং-ই এই ন্যামকে হত্যা করেছে বলে বিশ্বব্যাপী গুজব রটে যায়।
এদিকে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েনের জের ধরে মালয়েশিয়ার যে নয় নাগরিকের উত্তর কোরিয়া ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তারা আজ (শুক্রবার) কুয়ালালামপুরে ফিরেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, তার দেশে আটকে পড়া উত্তর কোরিয়ার সব নাগরিককেও দেশে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল জীবদ্দশায় নিজের ছোট সন্তান কিম জন-উনকে ক্ষমতার উত্তরসূরি মনোনিত করার পর দেশত্যাগ করেন উনের সৎ বড় ভাই কিম জং-ন্যাম। মৃত্যুর আগে তিনি চীনের ম্যাকাউ দ্বীপে বসবাস করছিলেন। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ম্যাকাউ যাওয়ার পথে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১