সিরিয়া সংকটের সামরিক সমাধান নেই: মোগেরিনি
-
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি
সিরিয়া সংকটের সামরিক সমাধান নাকচ করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন তিনি এ মন্তব্য করলেন।
গতকাল (রোববার) আলজিয়ার্সে এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ার বিষয়ক গত সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে সবাই একমত হয়েছিল যে দেশটির চলমান সংকট সমাধানে কোনো সামরিক সমাধান নেই।
আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের বন্ধু এ কথা উল্লেখ করে মোগেরিনি বলেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমেরিকাও একমত হবে বলে আমরা জোর প্রত্যাশা করছি। প্রয়োজনে সিরিয়ায় আরো হামলা চালানোর জন্য ওয়াশিংটন প্রস্তুত রয়েছে বলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মন্তব্য করার পর মোগেরিনির এই বক্তব্য এলো।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, সিরিয়া ব্যাপারে আমেরিকার বিভিন্নমুখী অগ্রাধিকার রয়েছে এবং যতদিন বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আছেন ততদিন পর্যন্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসা প্রায় অসম্ভব।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছিলেন, সিরিয়াকে পরবর্তীতে আরো রাসায়নিক হামলা থেকে বিরত রাখতেই দেশটির বিমানঘাঁটিতে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ফলে নিকি হেলির মন্তব্যে সিরিয়া বিষয়ে ওয়াশিংটনের ভিন্ন অবস্থানের আভাস পাওয়া যাচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১০