তুরস্কের গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় ইরানের শুভেচ্ছা
তুরস্কে সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (সোমবার) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাউশওগ্লু-কে ফোন করেন এবং ক্ষমতাসীনদের সাফল্যের জন্য তাদেরকে শুভেচ্ছা জানান।
এ সময় জারিফ বলেন, গণভোটের ফলাফল মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে তেহরান।
সংবিধান সংশোধন করে ক্ষমতা আরও বাড়ানোর প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। এই জয়ের ফলে এর্দোগান ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হলো। গতকাল (রোববার) অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৫ শতাংশ।
তবে গণভোটের ফলাফল ঘোষিত হওয়ার পরপরই তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে।
তুরস্কের প্রধান বিরোধীদল অভিযোগ করেছে, কারচুপি করে গণভোটের ফলাফল বদলে দেয়া হয়েছে। প্রধান বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারওগ্লু এজন্য দেশের উচ্চ নির্বাচনি বোর্ডের নিন্দা জানিয়েছেন। তুরস্কের সব নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করে উচ্চ নির্বাচনি বোর্ড।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭