উত্তর কোরিয়া ‘বেপরোয়া আচরণ’ করছে: পেন্টাগন
-
উত্তর কোরিয়া সম্প্রতি একসঙ্গে ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় (ফাইল ছবি)
উত্তর কোরিয়াকে ‘উস্কানিমূলক তৎপরতা’র জন্য অভিযুক্ত করেছে আমেরিকা। রোববার পিয়ংইয়ং ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর ওয়াশিংটন এ অভিযোগ করল।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘বেপরোয়া আচরণ’ হিসেবে অভিহিত করে বলেছেন, উত্তর কোরিয়াকে কীভাবে সামাল দেয়া যায় তা নিয়ে মার্কিন সরকার চীনের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করছে।
পেন্টাগন দাবি করেছে, রোববারের ক্ষেপণাস্ত্রটি আকাশে নিক্ষেপের পরপরই বিধ্বস্ত হয়েছে।
পিয়ংইয়ং প্রতি সপ্তাহে অন্তত একটি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আভাস দিয়ে বলেছে, আমেরিকা সামরিক পদক্ষেপ নিলে দেশটির বিরুদ্ধে ‘সর্বাত্মক’ যুদ্ধে চলে যাবে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার ভাইস-পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং-রিয়ল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে হামলা চালায় তাহলে আমরা নিজস্ব পদ্ধতি ও ঢঙে আগাম পরমাণু হামলা চালাব।"
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না হলেও দেশটির এ আচরণ অবশ্যই বেপরোয়া ছিল। ম্যাটিস আরো বলেন, এই বেপরোয়া আচরণের জন্যই ওয়াশিংটন চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মার্কিন সরকার উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ ও কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯