উত্তর কোরিয়ায় আটক হলো আরো এক মার্কিন নাগরিক
https://parstoday.ir/bn/news/world-i36698-উত্তর_কোরিয়ায়_আটক_হলো_আরো_এক_মার্কিন_নাগরিক
উত্তর কোরিয়া আরো এক মার্কিন নাগরিককে আটক করেছে এবং এ নিয়ে দেশটি তিন মার্কিন নাগরিককে আটক করল। ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনা যখন তুঙ্গে তখন একে আটক করা হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৩, ২০১৭ ১২:৩২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ায় আটক হলো আরো এক মার্কিন নাগরিক

উত্তর কোরিয়া আরো এক মার্কিন নাগরিককে আটক করেছে এবং এ নিয়ে দেশটি তিন মার্কিন নাগরিককে আটক করল। ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনা যখন তুঙ্গে তখন একে আটক করা হলো।

পিয়ংইয়ংয়ের সুইস দূতাবাস মার্কিন নাগরিকের ঘটনা আজ(রোববার) নিশ্চিত করেছে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত আর কোনো বিবরণ দেয়া হয়নি।

অবশ্য গতকাল পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কোরিয়-মার্কিন এ নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ মাধ্যম।  নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়। আটক ব্যক্তির নাম কিম এবং তার বয়স পঞ্চাশের কাছাকাছি বলে জানানো হয়েছে। পিয়ংইয়ং ত্যাগের চেষ্টা করার সময়ে তাকে আটক করা হয়।

উত্তর কোরিয়ার ত্রাণ কর্মসূচির সঙ্গে কিম জড়িত ছিলেন। চীনের ইয়ানবিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। পিয়ংইয়ংয়ে এ বিশ্ববিদ্যালয়ের একটি শাখা আছে।

অবশ্য  তাকে আটকের খবর দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় বা দেশটির গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেনি।

নর্থ কোরিয়ার কারাগারে আরো দুই মার্কিন বন্দি রয়েছে। গত বছর ওটো ওয়ারমবিয়ারকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। প্রচারণামূলক ব্যানার উত্তর কোরিয়ায় পাচার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন তিনি। এ ছাড়া গুপ্তচরবৃত্তি চালানোর দায়ে ২০১৬ সালে মার্চে কিম ডং-চূলকে আটক করা হয়। ৬২ বছর বয়সী এ মার্কিন নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩