শত্রুর বিরুদ্ধে ব্রিটেন পরমাণু অস্ত্র ব্যবহার করবে: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i36800-শত্রুর_বিরুদ্ধে_ব্রিটেন_পরমাণু_অস্ত্র_ব্যবহার_করবে_প্রতিরক্ষামন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দেশের ‘শত্রুদের’ বিরুদ্ধে ‘প্রথম হামলা’র কাজেই পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষমন্ত্রী মাইকেল ফ্যালন। তিনি বলেছেন, এমনকি ব্রিটেন যদি সরাসরি আক্রান্ত নাও হয় তবুও পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না লন্ডন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
এপ্রিল ২৫, ২০১৭ ০২:৩৪ Asia/Dhaka
  • মাইকেল ফ্যালন
    মাইকেল ফ্যালন

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দেশের ‘শত্রুদের’ বিরুদ্ধে ‘প্রথম হামলা’র কাজেই পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষমন্ত্রী মাইকেল ফ্যালন। তিনি বলেছেন, এমনকি ব্রিটেন যদি সরাসরি আক্রান্ত নাও হয় তবুও পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না লন্ডন।

ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যালন বলেন, লন্ডন স্পষ্ট করে একথা জানিয়ে দিতে চায় যে, ব্রিটিশ সরকার কঠিন পরিস্থিতিতে প্রথম আঘাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটেন এই অস্ত্র ব্যবহার করলে পরিস্থিতি কি দাঁড়াবে- এমন প্রশ্নের উত্তরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেটি নিয়ে এখন আলোচনা না করাই ভালো কারণ, তাতে আমাদের শত্রুরা খুশি হবে। মাইকেল ফ্যালন বলেন, ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেয়ার কথা যারা চিন্তা করবে তাদের মনে অজানা আশঙ্কা তৈরি করে দিতে হবে।

ফ্যালন এ সাক্ষাৎকার দেয়ার কয়েক ঘণ্টা পর তার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই।

বিশ্বের বিভিন্ন স্থানে আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের উত্তেজনা বিরাজ করলেও ব্রিটেনের সঙ্গে এই মুহূর্তে সরাসরি কোনো দেশের সাংঘর্ষিক অবস্থান নেই। তারপরও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী কেন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা শুরু হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫