তুর্কি উপকূলে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবল রুশ গোয়েন্দা জাহাজ
-
লিম্যানের ফাইল ছবি
তুরস্কের ইস্তাম্বুল নগরীর কাছে কৃষ্ণ সাগরে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে রাশিয়ার নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ লিম্যান ডুবে গেছে। সংঘর্ষের সময়ে ওই এলাকা কুয়াশায় ঢাকা ছিল।
১৫৬০ টনের গোয়েন্দা জাহাজ লিম্যানের ৭৮ জন নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে টোগোর পতাকাধারী মালবাহী জাহাজ ইউজারসিফ এইচ’এর সামান্য ক্ষতি হয়েছে। তুরস্কের নৌ চলাচল কর্তৃপক্ষ বলেছে, ঘন কুয়াশা এবং দৃষ্টি সীমাবন্ধতার কারণে এ সংঘর্ষ ঘটেছে।
দুর্ঘটনার মালবাহী জাহাজটি নিজ গন্তব্যের দিকে চলে গেছে। ইউজিারসিফ এইচ’এর মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে রুশ সামরিক বাহিনী। দুর্ঘটনা স্থলের কাছে রুশ নৌবাহিনীর অন্যান্য জাহাজ এবং বিমান পাঠানো হয়েছে।
কৃষ্ণ সাগরের রুশ নৌবহরের অংশ লিম্যান। গত শীতকালের প্রায় গোটটাই সিরিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে কাটিয়েছে এটি। ন্যাটোর নৌমহড়ার ওপর নজর রাখার জন্য ফেব্রুয়ারি মাসে এটি কৃষ্ণ সাগরে ফিরে এসেছিল।
এ দিকে, লিম্যান ডুবে যাওয়ার পর তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২৮