ইয়েমেনে হুথিদের সামরিক শক্তি বেড়েই চলছে: মার্কিন কমান্ডারের স্বীকারোক্তি
-
মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের ভাইস এডমিরাল কেভিন দংগিয়েন
ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সামরিক শক্তি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন নৌ কমান্ডার। সেই সঙ্গে তিনি আরো বলেন, হুথি যোদ্ধাদের কাছে এখন যেসব অস্ত্র রয়েছে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধ শুরুর আগ পর্যন্ত তা তাদের কাছে ছিল না।
হুথি আনসারুল্লাহ এবং ইয়েমেনের সামরিক বাহিনী পাল্টা প্রতিশোধ নিতে নিয়মিতভাবে সৌদি আরবের সামরিক অবস্থানে উচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। এছাড়া, ইয়েমেনের উপকূলীয় লোহিত সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজে হুথি যোদ্ধারা গত বছর অক্টোবরে তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গত জানুয়ারি মাসে দূর নিয়ন্ত্রিত শক্তিশালী বিস্ফোরকভর্তি একটি স্পীডবোট ইয়েমেনের ব্ন্দর নগরী হুদাইদার কাছে সৌদি আরবের একটি ফ্রিগেটের ওপর আঘাত হানলে ওই ফ্রিগেটের দুই নাবিক নিহত এবং অপর তিনজন আহত হয়।
ইয়েমেনি হুথি যোদ্ধাদের এসব সক্ষমতার কথা উল্লেখ করে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের ভাইস এডমিরাল কেভিন দংগিয়েন চলতি সপ্তাহের শুরুতে সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, যুদ্ধ শুরুর আগে ইয়েমেনিদের কাছে এসব অস্ত্রের অস্তিত্ব ছিল না।এছাড়া, তখন ইয়েমেনের অস্ত্রাগারে দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি কোনো স্পীড বোটও ছিল না। তিনি আরো বলেন, যুদ্ধ শুরুর আগে হুথি যোদ্ধাদের কাছে যে পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল এখন তাদের কাছে এর চেয়ে তিনগুণ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯