সিরিয়ায় ‘নিরাপদ অঞ্চল’ কার্যকর হয়েছে: রাশিয়া
-
নিরাপদ অঞ্চলের অন্তর্ভুক্ত সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি মহাসড়ক
সিরিয়ার চলমান সংঘর্ষ বন্ধের লক্ষ্যে দেশটির চারটি এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠার চুক্তি কার্যকর করা হয়েছে বলে খবর দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে ‘নিরাপদ অঞ্চল’ কার্যকর হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সিরিয়া বিষয় চতুর্থ শান্তি বৈঠকে বৈঠকে সিরিয়ার চারটি এলাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্যে পৌঁছায় দেশটিতে চলমান যুদ্ধবিরতির তিন মধ্যস্থতাকারী দেশ ইরান, রাশিয়া ও তুরস্ক। এসব এলাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।
সিরিয়ার মোট ১৪টি প্রদেশের আটটি জুড়ে এই নিরাপদ অঞ্চলের অবস্থান। প্রথম অঞ্চলে রয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব, পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া, মধ্য-পশ্চিমাঞ্চলীয় হামা এবং উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ।
দ্বিতীয় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে হামা প্রদেমের উত্তরাংশ জুড়ে। রাজধানী দামেস্কের কাছে ঘৌতা এলাকায় রয়েছে তৃতীয় নিরাপদ অঞ্চালের অবস্থান। এ ছাড়া, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও কুনেইত্রা প্রদেশের বেশিরভাগ এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে চতুর্থ নিরাপদ অঞ্চল।
এসব অঞ্চলে সিরিয়ার সরকার বিরোধী মূল ধারার বিদ্রোহী গোষ্ঠীগুলো নিরাপদে থাকবে। কিন্তু দায়েশ এবং জাবহাত ফতেহ আশ-শামের মতো উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর দমন অভিযান বন্ধ হবে না।
এদিকে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল আলেক্সান্ডার ফরমিন আশা প্রকাশ করে বলেছেন, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ফলে সিরিয়ায় গত কয়েক বছরের সংঘাত-সংঘর্ষের অবসান ঘটবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬