আরো এক মার্কিন নাগরিককে আটক করল উত্তর কোরিয়া
-
উত্তর কোরিয়ার অভিজাত পরিবারগুলোর ছেলে-মেয়েরা পিইউএসটি’তে লেখাপড়া করে
উত্তর কোরিয়া বলেছে, দেশটির বিরুদ্ধে ‘বিদ্বেষী তৎপরতা’ চালানোর সন্দেহে একজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি বা পিইউএসটি’তে কর্মরত ছিলেন আটক কোরিয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কিম হ্যাক-সং। উত্তর কোরিয়ায় এর আগে থেকেই আটক আছেন আরো তিন মার্কিন নাগরিক যাদের মধ্যে পিইউএসটি’র আরেক শিক্ষক স্যাং-ডাক রয়েছেন।
মার্কিন সরকার অতীতে অভিযোগ করেছে, পিয়ংইয়ং ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে মার্কিন নাগরিকদের আটক করে পণবন্দি হিসেবে ব্যবহার করছে।
কেসিএনএ জানিয়েছে, ‘একটি সংশ্লিষ্ট সংস্থা’ আটক কিম হ্যাক-সং’য়ের সন্দেহভাজন অপরাধী তৎপরতা তদন্ত করে দেখছে। বার্তা সংস্থাটি এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
ওদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ায় তাদের একজন নাগরিকের আটক হওয়ার খবর তারা আগে থেকেই জানতেন। এ ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্য উত্তর কোরিয়ায় মার্কিন স্বার্থ দেখাশোনাকারী সুইডিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে ওয়াশিংটন।
কিম হ্যাক-সং এর আগে নিজেকে একজন খ্রিস্টান মিশনারি বলে পরিচয় দিয়ে বলেছিলেন, তিনি পিইউএসটি’তে একটি পরীক্ষামূলক ফার্ম খুলবেন।
উত্তর কোরিয়ার অভিজাত পরিবারগুলোর ছেলে-মেয়েরা পিইউএসটি’তে লেখাপড়া করে। ২০১০ সালে কোরিয় বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন। এখানে কোরিয় শিক্ষকদের পাশাপাশি পাঠদানের সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন বিদেশি লেকচারার।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮