টানা ২৫ বছর সাগর তলে কাটাতে পারবে ব্রিটিশ পরমাণু সাবমেরিন!
https://parstoday.ir/bn/news/world-i37668-টানা_২৫_বছর_সাগর_তলে_কাটাতে_পারবে_ব্রিটিশ_পরমাণু_সাবমেরিন!
ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন এইচএমএস অডিসাসকে প্রায় চুপিসারে পানিতে নামানো হয়েছে। কাগজে-কলমে এ সাবমেরিন টানা ২৫ বছর পানির তলে কাটাতে পারবে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ১০, ২০১৭ ১৮:১২ Asia/Dhaka
  • পানিতে নামছে ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন এইচএমএস অডিসাস
    পানিতে নামছে ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন এইচএমএস অডিসাস

ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন এইচএমএস অডিসাসকে প্রায় চুপিসারে পানিতে নামানো হয়েছে। কাগজে-কলমে এ সাবমেরিন টানা ২৫ বছর পানির তলে কাটাতে পারবে।

গত মাসের শেষের দিকে কিংবা চলতি মাসের প্রথম দিকে ৯৭ মিটার লম্বা এবং ৭,৪০০ টন ওজনের সাবমেরিনকে পানিতে নামানো হয়। ১,০০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এইচএমএস অডিসাসের।

আগামী বছর থেকে ব্রিটিশ নৌবাহিনীর তৎপরতায় অংশ নেবে এ। এ সাবমেরিনকে এমনভাবে তৈরি করা হয়েছে যে, ২০৪৩ সালের আগে আর কোনো ধরণের জ্বালানির প্রয়োজন পড়বে না। এটি পানির নিচে দিয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারবে। এ সাবমেরিনের পরমাণু চুল্লি দিয়ে শহরের দুই লক্ষাধিক অধিবাসীর যাবতীয় বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। 

বছরের পর বছর এটি সাগর তলে অবস্থান করতে পারবে। সাগরের পানিকে পরিশোধন করে মিষ্টি পানির চাহিদা মেটাবে এটি। এছাড়া, পানিকে ভেঙে প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা রয়েছে এতে। পাশাপাশি, বিশেষ যন্ত্র ব্যবহার করে সাবমেরিনের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড সরিয়ে ফেলা হবে। অবশ্য এতে যে পরিমাণ খাদ্য মজুদ থাকে তা দিয়ে সাধারণ অবস্থায় টানা তিন মাস অনায়াসে জীবন ধারণ করতে পারবে নৌ সেনারা।

গোয়েন্দা তৎপরতা চালানো, শত্রুর জাহাজ বা সাবমেরিন ডুবিয়ে দেয়ার কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একে। ব্রিটিশ নৌবাহিনীতে ভবিষ্যতে এরকম আরো সাতটি সাবমেরিন যুক্ত হওয়ার কথা রয়েছে।     

পার্সটুডে/মূসা রেজা/১০