আফগানিস্তানে আরো সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i37880-আফগানিস্তানে_আরো_সেনা_পাঠানোর_কথা_ভাবছেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আরো সেনা পাঠানোর কথা চিন্তা করছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটির রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির প্রায় নিশ্চিতভাবে অবনতি ঘটবে বলে যখন মার্কিন কর্মকর্তারা দাবি করছেন তখন ট্রাম্প নতুন করে সেনা পাঠানোর কথা ভাবছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৭ ০৮:০০ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আরো সেনা পাঠানোর কথা চিন্তা করছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটির রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির প্রায় নিশ্চিতভাবে অবনতি ঘটবে বলে যখন মার্কিন কর্মকর্তারা দাবি করছেন তখন ট্রাম্প নতুন করে সেনা পাঠানোর কথা ভাবছেন।

দেশটিতে আরো তিন থেকে পাঁচ হাজার বাড়তি সেনা পাঠানোর বিষয়টি অনুমোদন করার জন্য উপদেষ্টারা ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। আফগানিস্তানে এখনো প্রায় ৮,৪০০ মার্কিন সেনা রয়েছে।

চলতি মাসের শেষ দিকে ট্রাম্প ব্রাসেলসে ন্যাটোর দফতরে যাবেন বলে কথা রয়েছে এবং এ সময় আফগানিস্তানে বাড়তি সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, এ বিষয়ে খুব স্বল্প সময়ের মধ্যে তিনি নিজের সুপারিশ জানাবেন। 

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তালেবানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর আরো বড় ভূমিকা পালন করতে হবে। এছাড়া, তালেবান নেতাদের ওপর বিমান হামলা চালানোর জন্যও কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান। 

প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের শাসনামলে ২০০১ সালের ৭ অক্টোবর আমেরিকা ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায়। এ আগ্রাসনের মাধ্যমে তালেবান আফগানিস্তানের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়। কিন্তু তার দেড় দশক পরেও বিদেশী সেনারা আফগানিস্তানে রয়েছে এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৪