সিআইএ’র ২০ এজেন্টকে হত্যা করেছে চীন!
-
তিয়ানানমেন স্কয়ারে চীনা আধাসামরিক বাহিনীর দুই সদস্য; দূরে ছবি তুলছেন পর্যটকরা (ফাইল ছবি)
চীন সরকার দুই বছর সময়ের ব্যবধানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ১৮ থেকে ২০ এজেন্টকে হত্যা অথবা বন্দি করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
দু’জন মার্কিন কর্মকর্তা দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, সিআইএ’র হয়ে কাজ করা এসব ব্যক্তিকে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে হত্যা অথবা বন্দি করে চীন। এর মাধ্যমে চীনে সিআইএ’র তৎপরতাকে পদ্ধতিগতভাবে শেষ করে দেয়া হয় বলে ওই কর্মকর্তারা জানান।
সিআইএ’র যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে চীন ওইসব এজেন্টের তথ্য পেয়েছিল বলে ধারণা করছে ওয়াশিংটন।
এদিকে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই’র একজন কর্মী গত বছর অর্থ ও পতিতার বিনিময়ে বেইজিং-এর কাছে স্পর্শকাতর প্রযুক্তিগত তথ্য সরবরাহ করার কথা স্বীকার করেছে।
এমন সময় এসব খবর প্রকাশিত হলো যখন সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর ওয়াশিংটন সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং-এর সঙ্গে 'অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক' শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া, চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে বেইজিং সফরের আমন্ত্রণও সাদরে গ্রহণ করেন ট্রাম্প।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১