আফগানিস্তানে মাদক চোরাচালানের সঙ্গে পাশ্চাত্য জড়িত: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাদক চোরাচালান বিরোধী পুলিশের প্রধান মাসুদ জাহেদিয়ান বলেছেন, পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এবং মাদক চোরাচালান এসব সংস্থার অর্থের একটি উৎস। ইরানের বার্তাসংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
মাসুদ জাহেদিয়ান আরও বলেছেন, ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত দেশটিতে মাদক উৎপাদন ২২ গুণ বেড়েছে। ২০০১ সালে সেখানে বছরে ২০০ টন আফিম উৎপন্ন হতো। কিন্তু এখন সেখানে প্রতি বছর আফিম উৎপন্ন হয় চার হাজার চারশ' টনেরও বেশি। ২০১৭ সালের শেষে তা সাত হাজার ৭০০ টনে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, ইরান মাদক চোরাচালান মোকাবেলায় অগ্রগামী দেশ এবং ইরানের সীমান্ত দিয়ে মাদক যাতে কোথাও যেতে না পারে সে চেষ্টা সব সময় অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী।
বিপ্লবের পর থেকে এ পর্যন্ত মাদক চোরাচালান মোকাবেলা করতে গিয়ে ইরানের নিরাপত্তা বাহিনীর প্রায় চার হাজার সদস্য শহীদ হয়েছেন বলে তিনি জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭