ন্যাটো'র সদস্য দেশগুলোকে অপমান করেছেন ট্রাম্প: পেলোসি
-
মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক দলের নেতা ন্যান্সি পেলোসি
গত সপ্তাহে ন্যাটো'র শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক দলের নেতা ন্যান্সি পেলোসি। তিনি বলেন, তার বক্তব্য আমাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য অসম্মানজনক ছিল।
পেলোসি এক বিবৃতিতে বলেন, ন্যাটো নেতাদের বিরুদ্ধে ট্রাম্পের বেপরোয়া মন্তব্য আমাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য অসম্মান ছিল। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য গত সাত দশক ধরে বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করে আসা ন্যাটোর জন্য অপমানজনক।
ন্যাটো'র সামরিক খাতে এর সদস্য রাষ্ট্রগুলো তাদের বার্ষিক জিডিপির ২ শতাংশ পরিশোধে ব্যর্থ হওয়ার জন্য সংস্থাটির সদর দপ্তর ব্রাসেলসে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিসহ ২৩টি সদস্য রাষ্ট্রকে প্রকাশ্যে গালমন্দ করেছেন।
ট্রাম্প এই সামরিক জোটের ২৮ সদস্যদেশের মধ্যে ২৩টির কড়া সমালোচনা করে বলেন, এসব দেশ ন্যাটোর পাওনা না দিয়ে নিজেদের সামরিক খাতে অতিরিক্ত অর্থ খরচ করছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ন্যাটোর সদরদপ্তরে প্রথম সফরেই ট্রাম্পের এই বক্তব্য বিরক্তিভরা মুখ নিয়ে শোনেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। ট্রাম্প কঠোর ভাষায় বলেন, যেসব সদস্যদেশ জোটের তহবিলে তাদের জিডিপি’র শতকরা ২ ভাগ অর্থ দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী বছরগুলোতে এর ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ দিতে হবে।
পেলোসি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পক্ষ থেকে ন্যাটোকে এমন সময় আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছেন যখন ৯/১১ ঘটনার পর আফগান যুদ্ধে এ সংস্থাটি আমাদের পাশে ছুটে এসেছে। এটা কেবল আমাদের জন্য লজ্জাজনক নয় বরং বিপদজনকও বটে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯