আফগানিস্তানে মার্কিন বিমান হামলা বেড়েছে ৩ গুণ
মার্কিন বিমান বাহিনী গত বছর থেকে আফগানিস্তানে বিমান হামলার তিনগুণ বাড়িয়েছে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর মুখপাত্র এ তথ্য দিয়েছেন।
মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন বিল সালভিন বলেছেন, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মার্কিন বিমান বাহিনী ৯০০ বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের দায়েশ এবং তালেবান অবস্থানের ওপর এ সব হামলা চালানো হয়েছে। তিনি আরো জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে বাড়তি বিমান হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন।
আফগানিস্তান মার্কিন বিমান হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঘটনাও নাটকীয় ভাবে বেড়েছে। গত বছর দেশটিতে মাত্র ৮ ব্যক্তি নিহত এবং ২১ আহত হলেও চলতি বছরে ৭২ নিহত এবং ৭৬ আহত হয়েছে।
এদিকে, আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ মিশন দেশটিতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঘটনার সমালোচনা করেছে এবং একে ‘অস্বস্তিকর’ বলেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০