ইদলিবে রাসায়নিক হামলায় আসাদের ভূমিকা নেই: পুতিন
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ় আস্থা ব্যক্ত বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশে গত এপ্রিল মাসে যে রাসায়নিক হামলা হয়েছে তাতে দেশটির সরকারি বাহিনীর কোনো ভূমিকা নেই। পুতিন বলেছেন, ওই ঘটনাকে অজুহাত করে পশ্চিমারা দামেস্কের ওপর চাপ অব্যাহত রাখার কৌশল অনুসরণ করছে মাত্র।
তিনি বলেন, “আমাদের তথ্য অনুসারে প্রেসিডেন্ট আসাদের বাহিনী এ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এর কোনো প্রমাণ নেই। আমি বিশ্বাস করি এ কাজ বাশার আসাদ করেন নি।” ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লা ফিগারো’কে মঙ্গলবার দেয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে যাতে আন্তর্জাতিক সমাজের কাছে সিরিয়ার সেনাবাহিনীসহ প্রেসিডেন্ট আসাদের ওপর চাপ অব্যাহত রাখার বিষয়টি ব্যাখ্যা করা যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ওই রাসায়নিক হামলার নিন্দা করার একদিন পর পুতিন ফরাসি পত্রিকার কাছে এ মন্তব্য করলেন। ফ্রান্স বলে আসছে- বাশার আসাদের সরকার ওই রাসায়নিক হামলা চালিয়েছে।
পুতিন বলেন, রাসায়নিক হামলার বিষয়টি তদন্তের জন্য তিনি প্রস্তাব দিয়েছেন কিন্তু প্রায় সব বড় শক্তি তা প্রত্যাখ্যান করেছে। গত ৪ এপ্রিল ইদলিব প্রদেশের শায়খুন শহরে মর্মান্তিক রাসায়নিক হামলা হয় এবং এতে নিহত হয়েছে অন্তত ৮০ জন। পশ্চিমা দেশগুলো এ ঘটনার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করে আসছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০