গুলবুদ্দিন হেকমতিয়ারের সাবেক একান্ত সচিব পাকিস্তানে নিহত
-
গুলবুদ্দিন হেকমতিয়ার
আফগানিস্তানের সাবেক মুজাহিদ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের একজন ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। হেকমতিয়ার সম্প্রতি আফগান সরকারের সঙ্গে শান্তি চুক্তি সই করেছেন।
হেকমতিয়ারের সাবেক একান্ত সচিব মোহাম্মাদ ফরিদ পাকিস্তানের পেশোয়ার শহরের তাজ আবাদ এলাকার একটি মসজিদ থেকে নামাজ আদায় করে যখন নিজ বাসভবনের দিকে যাচ্ছিলেন তখন তাকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা।
পেশোয়ারের পুলিশ জানিয়েছে, ফরিদ ঘটনাস্থলেই নিহত হন এবং হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়।
হেকমতিয়ারের দল এই হত্যাকাণ্ডের জন্য ‘শান্তি বিরোধী অপশক্তি’কে দায়ী করেছে। দলের মুখপাত্র কারিবুর রহমান সাঈদ জানিয়েছেন, হেকমতিয়ারে সাবেক একান্ত সচিব ফরিদ মৃত্যুর আগ পর্যন্ত দলের সিনিয়র নেতা ছিলেন।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলেছে, বিবাহসূত্রে গুলবুদ্দিন হেকমতিয়ারের আত্মীয় ছিলেন মোহাম্মাদ ফরিদ। এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি।
আফগান সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব বিতর্কিত ব্যক্তিকে বিচার বিভাগীয় দায়মুক্তি দিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে তাদের সর্বশেষ ব্যক্তি হলেন গুলবুদ্দিন হেকমতিয়ার। গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী হেকমতিয়ার অতীতের সব কর্মকাণ্ড থেকে দায়মুক্তি পাওয়ার পাশাপাশি পূর্ণ রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ পাবেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১