সৌদি-কাতার দ্বন্দ্ব: চলছে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করার পর আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা উদ্যোগ। এর মধ্যে কুয়েত মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আস-সাবাহ সৌদি আরব সফরে গেছেন। তুরস্ক সরকার সৌদি-কাতার দ্বন্দ্বের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
প্রতিবেশী দেশ হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরানও সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এরইমধ্যে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এছাড়া তুরস্ক, ওমান, কুয়েত, ইন্দোনেশিয়া, ইরাক, তিউনিশিয়া, মালয়েশিয়া, লেবানন ও আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জারিফ।
পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির সঙ্গেও কথা বলেন। এর আগে তিনি সংলাপের মাধ্যমে চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান। এছাড়া, ইরানের কৃষিপণ্য রপ্তানীকারী সংগঠনের সভাপতি রেজা নওরানি বলেছেন, সৌদি অবরোধের কারণে কাতার যে খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে তা মোকাবেলায় তেহরান ১২ ঘণ্টার মধ্যে দোহায় খাদ্যের চালান পৌঁছে দিতে পারে।
সৌদি-কাতার দ্বন্দ্বের ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান টেলিফোনে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে কথা বলেছেন। এছাড়া কুয়েত, রাশিয়া ও সৌদি নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য এরদোগান সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানিয়েছেন তুর্কি উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস। এ ঘটনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাউয়ি বিন আবদুল্লাহ কুয়েত সফর করেছেন। এছাড়া, সৌদি আরবের কয়েকজন কর্মকর্তা ও পবিত্র মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ কুয়েত সফরে করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬