ফিলিপাইনে সন্ত্রাস বিরোধী অভিযান: নিহত হলো ১৩ মেরিন সেনা
-
বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ফিলিপাইনের সেনাবাহিনী
ফিলিপাইনে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের সঙ্গে নতুন করে সংঘর্ষে দেশটির ১২ মেরিন সেনা নিহত হয়েছে বলে সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন।
গত ২৩ মে মার্কিন প্রশাসনের তালিকাভুক্ত ফিলিপাইনের একজন দাগী সন্ত্রাসীকে আটক করার চেষ্টা করলে মুসলিম অধ্যুষিত মারাউয়ি শহরে বন্দুকধারীরা দায়েশের কালো পতাকা ওড়ায় এবং এ উগ্র গোষ্ঠীটির প্রতি আনুগত্য ঘোষণা করে। এরপর থেকেই এসব সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে ফিলিপাইনের সেনাবাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। সেনাবাহিনীর বিরুদ্ধে হামলায় সন্ত্রাসীরা বোমা প্রুফ টানেল, ট্যাংক বিধ্বংসী অস্ত্রের পাশাপাশি নিজেদের শক্ত অব্স্থান ধরে রাখতে বেসামরিক ব্যক্তিদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।
লেফট্যানেন্ট কর্নেল জো-আর হেরেরা মারাউয়িতে দেয়া এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল শুক্রবারের সংঘর্ষে আহতদের সঠিক সংখ্য কত তা যাচাইয়ের চেষ্টা করছে সেনাবাহিনী। সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনী বাড়ি-বাড়ি সংঘর্ষে লিপ্ত রয়েছে বলেও জানান তিনি। কর্নেল হেরেরা আরো বলেন, হতাহতের ঘটনায় আমরা মর্মাহত। সরকারি বাহিনীর পক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ১৩ সেনাকে হারিয়েছি।
ফিলিপাইনে সন্ত্রাস বিরোধী অভিযানে এ পর্যন্ত ৫৮ জন সেনা এবং অন্তত ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। এছাড়া, সংঘর্ষে ১৩৮ সন্ত্রাসী নিহত হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১১