কাতারে সেনা মোতায়েনের খবর নাকচ করল পাকিস্তান
-
নাফিস জাকারিয়া
কাতারে পাকিস্তানি সেনা মোতায়েনের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বের হওয়া খবর নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া রোববার বিদেশি গণমাধ্যমে প্রকাশিত এ রিপোর্টকে বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
রাষ্ট্র পরিচালিত টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন বা টিআরটি’র উর্দু বিভাগ এক প্রতিবেদনে বলেছে, পাকিস্তান কাতারে ২০ হাজার সেনা মোতায়েনের জন্য জাতীয় সংসদে একটি বিল এনেছে এবং পরে তা পাস হয়েছে। এ রিপোর্টকে নাফিস জাকারিয়া বানোয়াট মন্তব্য করে বলেন, বিদেশি এসব গণমাধ্যম পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করার জন্য বিদ্বেষপূর্ণ প্রচারণা চালাচ্ছে।
এছাড়া, গত সপ্তাহে কাতারের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে বলে দেশটির গণমাধ্যম যে খবর দিয়েছে সে বিষয়ে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তিনি এ সম্পর্কে কোনো তথ্য জানেন না। তিনি বলেন, পাকিস্তান চায় কূটনৈতিকভাবে সর্বোত্তম পন্থায় চলমান সমস্যার সমাধান হোক এবং মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ফিরে আসুক।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১