ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছি: জেরেমি করবিন
https://parstoday.ir/bn/news/world-i39980-ব্রিটেনের_প্রধানমন্ত্রীর_দায়িত্ব_গ্রহণে_প্রস্তুত_রয়েছি_জেরেমি_করবিন
ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আগামী কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে থেরেসা মে’র নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকারের পতন হবে। এরপর ব্রিটেনে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি জয়ী হবে এবং তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ১২, ২০১৭ ০১:৩৩ Asia/Dhaka
  • জেরেমি করবিন
    জেরেমি করবিন

ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আগামী কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে থেরেসা মে’র নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকারের পতন হবে। এরপর ব্রিটেনে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি জয়ী হবে এবং তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

ব্রিটেনে গত সপ্তাহে অনুষ্ঠিত আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশ থেকে ‘থ্যাচারিজম ও রিগ্যানিজম’ উৎখাতের ঘোষণা দিয়েছিলেন জেরেমি করবিন। তরুণ ভোটারদের মধ্যে তার এ প্রতিশ্রুতি সাড়া ফেলে দেয় এবং নির্বাচনে লেবার পার্টি আগের চেয়ে ৩০টি আসন বেশি পায়। ফলে আরো বেশি আসন পাওয়ার আশায় মধ্যবর্তী নির্বাচন দিয়ে পার্লামেন্টে উল্টো ১৩টি আসন হারান প্রধানমন্ত্রী থেরেসা মে।

সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ব্রেক্সিট আলোচনায় নিজের ক্ষমতাকে আরও সংহত করতে মধ্যবর্তী নির্বাচন দিয়েছিলেন থেরেসা মে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে তাঁর কনজারভেটিভ পার্টি ১৩টি আসন হারিয়ে এখন এককভাবে সরকার গঠনেই ব্যর্থ। প্রয়োজনীয় ৩২৬ আসন থেকে ৮ আসন দূরে থাকায় ১০ আসন জেতা একটি আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছেন মে।

কিন্তু উত্তর আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট সরকার গঠন নিয়েও সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী মে। এই দলের সঙ্গে জোট সরকার গঠন করলে তাতে উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফিরিয়ে আনতে সম্পাদিত ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে চুক্তি’র বরখেলাপ হবে বলে সমালোচনা উঠেছে।

এ অবস্থায় লেবার পার্টির নেতা জেরেমি করবিন ডেইলি মিররকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, থেরেসা মে’র সংখ্যালঘু সরকার বেশিদিন ক্ষমতায় টিকবে না। তিনি আরো বলেন, ব্রিটেনে চলমান অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না; কাজেই লেবার পার্টি পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২