পাক-আফগান ইস্যুতে মধ্যস্থতা করার জন্য প্রথম আগ্রহ দেখাল চীন
https://parstoday.ir/bn/news/world-i40114-পাক_আফগান_ইস্যুতে_মধ্যস্থতা_করার_জন্য_প্রথম_আগ্রহ_দেখাল_চীন
পাকিস্তান এবং আফগানিস্তানের চলমান টানাপড়েনে মধ্যস্থতা করার বিষয়ে এই প্রথম আগ্রহ প্রকাশ করেছে চীন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দফতর থেকে দেয়া বিবৃতিতে এ জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৭ ১৯:২৫ Asia/Dhaka
  • পাক-আফগান ইস্যুতে মধ্যস্থতা করার জন্য প্রথম আগ্রহ দেখাল চীন

পাকিস্তান এবং আফগানিস্তানের চলমান টানাপড়েনে মধ্যস্থতা করার বিষয়ে এই প্রথম আগ্রহ প্রকাশ করেছে চীন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দফতর থেকে দেয়া বিবৃতিতে এ জানানো হয়েছে।

বিবৃতিতে  আশরাফ গনির বরাত দিয়ে আরো বলা হয়েছে, এই প্রথম আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় চীন মধ্যস্থতা করতে চাইছে। শিগগিরই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাবুল সফর করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আশরাফ গনির বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে শান্তির দাবি জানিয়ে আসছে আফগানিস্তান। তবে সরকার বনাম সরকার- এর ভিত্তিতে বিরাজমান সমস্যার নিষ্পত্তি করতে হবে বলেও এতে বলা হয়েছে।

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় দেড়শর বেশি মানুষ নিহত হওয়ার মাত্র দু সপ্তাহের মধ্যে চীনের বরাত দিয়ে এ বক্তব্য প্রকাশিত হলো।

এছাড়া, আফগানিস্তান, পাকিস্তান, আমেরিকা এবং চীনকে নিয়ে গঠিত চতুর্পক্ষীয় বৈঠকের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে বিবৃতিতে জানানো হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তান সফরের সময় এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

তালেবান এবং আফগান সরকারের মধ্যে সরাসরি শান্তি আলোচনার জন্য ২০১৬ সালের  জানুয়ারি মাসে চতুর্পক্ষীয় গোষ্ঠী গঠন করা হয়েছিল।

পাকিস্তান ও আফগানিস্তানে মধ্যে সম্প্রতি টানাপড়েন বেশ বেড়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি একবার দুদেশের মধ্যকার সীমান্ত বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। এছাড়া, গত মাসে আফগান সেনাবাহিনীর গুলিতে নয় পাকিস্তানি নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক ব্যক্তিরাও ছিলেন। এদিকে পাল্টা হামলায় আফগান ৫০ সেনা নিহত হওয়ার দাবি করেছিল পাকিস্তান সেনাবাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৩